বঙ্গবন্ধু সেতুর টোল বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে গত ২ নভেম্বর প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সোমবার (১৫ নভেম্বর) রাত ১২টার পর থেকে এটি কার্যকর হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা হচ্ছে না। সেতুতে বাড়তি টোল আজ থেকে কার্যকর না করতে নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৭ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।
তিনি বলেন, সোমবার রাত ১২টা থেকে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন থেকে সরকার ঘোষিত বাড়তি টোল আদায় শুরু হওয়ার কথা ছিল। সে উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তবে রাতে মন্ত্রণালয় থেকে বাড়তি টোল আদায় কার্যক্রম শুরু না করতে নির্দেশনা দেওয়া হয়। তাই বাড়তি টোল আদায় করা হচ্ছে না। পূর্বের টোলেই সেতু পারাপার হতে পারবেন চালকরা। কবে নাগাদ এটি কার্যকর হচ্ছে তাও বলা যাচ্ছে না।
উল্লেখ্য, গত ২ নভেম্বর বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছিল। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরদিন থেকেই বঙ্গবন্ধু সেতুতে পারাপার হওয়া যানবাহন চালকদের মাঝে টোল বৃদ্ধি করে জারি করা প্রজ্ঞাপনসহ নিজস্ব উদ্যোগে লিফলেট ছাপিয়ে প্রচার প্রচারণা শুরু করে সেতু কর্তৃপক্ষ।
এই প্রজ্ঞাপনে জানানো হয়, সেতু বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণি বিন্যাস এবং টোল হার ধরা হয়েছে মোটরসাইকেল ৫০ টাকা, হালকা যানবাহনের মধ্যে কার/জিপ ৫৫০, মাইক্রো/পিকআপ ৬০০, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০ টাকা, বড় বাস (৩২ আসন বা এর বেশি) ১ হাজার টাকা, ছোট ট্রাক (৫ টন) ১ হাজার টাকা, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১ হাজার ২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১ হাজার ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২ হাজার টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩ হাজার, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৪ হাজার টাকা এবং সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলের জন্য প্রতি বছর ১ কোটি টাকা টোল আদায় করা হবে।
এর আগে, ২০১১ সালে বঙ্গবন্ধু সেতুতে টোল বাড়ানো হয়েছিল। ২০১১ সালে সংশোধিত বঙ্গবন্ধু সেতুর টোল রেট অনুসারে, মোটরসাইকেল ৪০ টাকা, হালকা যানবাহন (কার, জিপ) ৫০০ টাকা, ছোট বাস ৬৫০ টাকা, বড় বাস ৯০০ টাকা, ছোট ট্রাক ৮৫০ টাকা, মাঝারি ট্রাক ১ হাজার ১০০ টাকা, বড় ট্রাক ১ হাজার ২৫০-১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।